
যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক ৪ যুবককে যুবদলের কর্মী পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
এ সংবাদের প্রতিবাদে শনিবার (২ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে করেছে জেলা যুবদল। তাদের দাবি, আটককৃতরা যুবদলের কেউ না।
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, সম্প্রতি মণিরামপুরে কিছু যুবক আটক হয়েছেন। তাদের কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছেন। প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না। তাদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। তারা কোনো দলীয় কর্মী নন।
মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, যুবদলের কোনো বিষয়ে জানার থাকলে ওই এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কিংবা জেলা যুবদলের শীর্ষ নেতারা নিশ্চিত করবেন কারা যুবদল করেন। বিএনপির সভাপতি কীভাবে জানবেন কারা যুবদল করেন?
উল্লেখ্য, শুক্রবার রাতে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রাতে মণিরামপুর পৌর শহরে গরুর হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর কক্ষে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কক্ষের ভেতরে চারজনকে আটক করা হয়।
আরটিভি/এমকে




