
ঢাকার ধামরাইয়ে ৫ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে সোহাগ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন।
এর আগে, শুক্রবার বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার সোহাগ ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের গান্ধুলিয়া এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়নের বারবাড়িয়া এলাকার শাহাবুলের বাড়ির ভাড়াটিয়া।
ভুক্তভোগী শিশু বারবাড়িয়া এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া। সে ভোলার চরফ্যাশন উপজেলার চরমনসা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলের দিকে খেলাধুলা করতে বের হয় ওই শিশু। এ সময় অভিযুক্ত তাকে ডেকে নিয়ে একটি সবজি ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এতে বাঁধা দিলে তাকে চড়থাপ্পড় ও মারধর করে। পরে তাকে ছেড়ে দেয়। পরে বাসায় ফিরে ব্যথার কথা জানালে মা জিজ্ঞাসা করলে বলাৎকার ও মারধরের কথা জানায় সে। পরে আজ বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, বলাৎকারের ঘটনায় সোহাগকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা মামলা করেন। তাকে রোববার আদালতে পাঠানো হবে।
আরটিভি/এমকে




