
খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন এবং ১৭টি গ্রামের কৃষকের দুর্দশা লাঘবের দাবিতে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুর্বল গেট ব্যবস্থাপনা এবং ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইস গেট নির্মাণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার কুমখালী এলাকা থেকে শত শত কৃষকের অংশগ্রহণে এই লংমার্চ শুরু হয়। মিছিলটি শান্তা স্লুইস গেটের সামনে গিয়ে শেষ হয়, যেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ আয়ুব ও মুসা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে এবং খানজাহান আলী খানুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম।
সমাবেশে বক্তব্য দেন কৃষক জহির রায়হান, সুজিত মণ্ডল, নিখিল মণ্ডল, প্রশান্ত মণ্ডল, রমেশ চন্দ্র মণ্ডল, পতিতপাবন মণ্ডল, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গড়ইখালী ইউনিয়নের ১৭টি গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির পানি নিষ্কাশনের একমাত্র পথ হলো ঘোষখালী নদী ও শান্তা স্লুইস গেট। একটি মাত্র গেট দিয়ে পানি সরতে দেরি হওয়ায় আমন ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকেরা। এতে হাজার হাজার বিঘা জমি অনাবাদি থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংকট নিরসনে বক্তারা সুরিখালী এলাকায় খালে বাঁধ দেওয়া এবং দ্রুত নতুন স্লুইস গেট নির্মাণের দাবি জানান।
আরটিভি/এএএ




