
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের খেরসা ব্রিজের কাছে দীনেশ দাস (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ। দীনেশ উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে। গত ২৬ নভেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর একটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে লাশ ভাসতে দেখে নৌ–পুলিশে খবর দেন। পরে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে।
নৌফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই রবিউল ইসলাম বলেন, লাশটি নদীতে ভেসে আসে। পচন ধরায় মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দীনেশের পরিবারের সদস্যেরাও তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
আরটিভি/এএএ




