
গাজীপুরের কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার ভাউমান টালাবহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে চারটায় উপজেলার ভাউমান টালাবহ পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাউমান টালাবহ এলাকার কাজিম উদ্দিন রনি সাথে দীর্ঘদিন ধরে ওই এলাকার আওয়ামী লীগ নেতা আরিফ হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধে চলে আসছে। এ নিয়ে আরিফ হোসেন রনিকে একাধিক জমি ছেড়ে দেওয়া জন্য হুমকিও দেয়। জমি ছেড়ে না দিলে তাকে খুন করে ফেলবে বলে হুমকি প্রদান করে।
এর মধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে অতর্কিতভাবে আরিফ, আফরিন, স্বপ্ন, ওয়াসিম, মির্জাপুর থেকে আসা আমিনুলসহ ১০ থেকে ১৫জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকারভাবে জমিতে প্রবেশ করে। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রকারের ৫৫টি কাঠ গাছ কর্তন করে ফেলে। যার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
খবর পেয়ে রনির স্ত্রী ইয়াসমিন ও সন্তানরা বাধা দিতে গেলে তাদেরকে খুন করার হুমকিও প্রদান করে। এ সময় রনির স্ত্রীকে অশ্লীল গালিগালাজ করে তাকে মারতে আসলে সে দৌড়িয়ে বাড়ির ভেতরে চলে যায়। পরে ওই বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে তারা ওই জমি থেকে চলে যায়। এবং রনিকে খুন করার হুমকিও দেয়। এ বিষয়ে জমির মালিক আজিম উদ্দিন রনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে একটি অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন বলেন, আমার জমিতে আমি কাজ করেছি। তার গাছ কাটি নাই। আমার লাগানো গাছ আমি কেটেছি।
তিনি আরও বলেন, রনি আমার ফুফুর কাছ থেকে জমি নিয়েছে। সে এক দাগে জমির মালিক না। বিভিন্ন দাগ থেকে তাকে জমি দেব। আমার আওয়ামী লীগের কোনো পদ নেই।
এ ব্যাপারে জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরটিভি/কেএইচ




