
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্দোলনে অংশ নিতে গিয়ে হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। তবে পুলিশ বলছে, তিনি একজন মুদি ব্যবসায়ী; আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হবি ভাঙ্গার আলগী ইউনিয়নের মৃত আজিজ শেখের ছেলে।
ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিহতের স্বজন আবু সাইদ মুন্সি বলেন, হবি আসন পরিবর্তনের প্রতিবাদে চলমান আন্দোলনে অংশ নিয়েছিলেন। সড়ক অবরোধের সময় প্রখর রোদে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, স্ট্রোকে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। স্বজনরা জানিয়েছেন, তিনি স্থানীয় মুদি ব্যবসায়ী এবং দোকানেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, মৌখিকভাবে বিষয়টি জানার পর হাসপাতালে খোঁজ নেওয়া হয়। স্বাস্থ্য কর্মকর্তার তথ্য অনুযায়ী মৃত ব্যক্তি আন্দোলনকারী ছিলেন না। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেনও বলেন, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে থানায় এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে স্থানীয়রা দফায় দফায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।
আরটিভি/এমকে/এস




