
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর এলাকার ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার জন্য দীর্ঘদিন যাবত এ সড়কে তীব্র যানজট লেগে থাকতো। এ ছাড়া হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন ডাম্পিং করে রাখায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট লেগেই থাকতো। এ যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যেগে বুধবার দিনভর এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর উপজেলার কাঁচপুরে এ নিয়ে ৩ বার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযান শেষ হতে না হতে আবার দখল হয়ে যায়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, দীর্ঘদিন ধরে সওজের জায়গায় বিপণিবিতান ও টংঘের দোকান তুলে ক্ষদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। আমরা তাদের একাধিকবার নোটিশ করেছি ও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে কিন্তু দোকানদাররা উপজেলা প্রশাসনকে তোয়াক্কা না করে আবারও অবৈধভাবে মহাসড়ক দখল করে রাখে। এসব অবৈধ স্থাপনার কারণে কাঁচপুর এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। এ উচ্ছেদ অভিযানের ফলে যানজট নিরসন হবে।

তিনি আরও বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ডাম্পিং করা যানবাহন গুলো সড়িয়ে নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষকে বলা হয়েছে সড়কের ময়লা আর্বজনা সড়িয়ে সড়ক সচল করে দেওয়ার জন্য। আশাকরি দু’এক দিনের মধ্যে কাজ হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি (কাচঁপুর সার্কেল) ফাইরুজ তাসনিন, কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহসান উল্লাহ মজুমদার সহ পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশবাহিনীর সদস্যরা।
আরটিভি/এমকে




