
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে চাঁদপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি চাঁদপুরের সাংবাদিকরা আমাকে বারবার ডাকেন কেন। পরে উত্তর পাই আপনারা এই জেলাকে নিয়ে অনেক ভাবেন, অনেক স্বপ্ন দেখেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, আমি বলি সাংবাদিকরা দেশের মিরর। তাই দেশের মিরর হয়ে কাজ করার আহ্বান জানাই। চাঁদপুরের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো চালু করা এবং পর্যটন খাতকে আরও গতিশীল করার বিষয়ে জোর দিতে হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, সাধারণ সম্পাদক সফিক শাহীন, সামছুজ্জামান, এসএম জাকির, সালেহ বিপ্লব ও দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি এমএ নোমান বক্তব্য রাখেন।
সভায় ঢাকাস্থ ফোরামের নেতাসহ চাঁদপুরের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম




