
সুনামগঞ্জ জেলা প্রশাসনের চিঠি বিতরণ করতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জেলা প্রশাসকের কার্যালয়ের দুই জারিকারক জুয়েল মিয়া (৩৭) ও মো. সবদর আলীর (৩৭) মৃত্যুর ঘটনায় দায়ী প্রাইভেট চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এই মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমিন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম আমিন, অফিস সহকারী মৌসুমী চক্রবর্তী, প্রসেস
সার্ভার জ্যোতির্ময় তালুকদার, সিরাজ মিয়া প্রমুখ। বক্তারা দুই সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িত চালককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়াও মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ রায়, শাহীনুর রহমান, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা রেজুয়ানুল হক রাজা, পিন্টু দাস, ইমাম হোসেন, তাপস চক্রবর্তীসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের চিঠি বিতরণ করতে মোটরসাইকেল করে জগন্নাথপুর উপজেলায় যাচ্ছিলেন দুই জারীকারক জুয়েল মিয়া ও সবদর আলী। পথে সুনামগঞ্জ-
সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় উপজেলা খাদ্য গোদাম এলাকায় বিপরীত দিকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান জারিকারক জুয়েল মিয়া ও সবদর আলী। একজন ঘটনাস্থলেই মারা যান, হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত কারটি জব্দ করেছে জয়কলস হাইওয়ে পুলিশ। তবে ঘটনার পরপরই কারের চালক পালিয়ে গেছেন।
আরটিভি/এস




