
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে সংগঠনটির চবি শাখা আহ্বায়ক আল মাসনুন জানিয়েছেন, ইচ্ছুক হলে তাদের কেউ স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে।
এর আগে চাকসু ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফরম বিতরণ শুরু হয়। প্রথম দুদিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৯৭টি, ছাত্রী হল সংসদের জন্য ৪৬টি এবং ছাত্র হল সংসদের জন্য ২৬টি ফরম বিক্রি হয়েছে।
সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন। শেষ দিনের চাপ সামলাতে বাড়তি জনবল নিয়োগ দেয় কমিশন। স্বতন্ত্র ও প্যানেল উভয়ভাবেই শিক্ষার্থীরা ফরম সংগ্রহ করেছেন।
এ দিকে ইসলামী আন্দোলন একটি প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট জোটবদ্ধভাবে ‘দ্রোহ পরিষদ’ এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে আরেকটি প্যানেল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। তবে ছাত্রদল, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র পরিষদ এখনও তাদের প্যানেল ঘোষণা করেনি।
দীর্ঘ প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে কেন্দ্রীয় সংসদের আসনগুলোতেই প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ সবচেয়ে বেশি বলে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন হলেও তা জমা দেওয়ার শেষ সময় বুধবার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আরটিভি/এমকে




