
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। প্রায় ১০ ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটির মাথা ও শরীরে ক্ষত রয়েছে। এটির শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় এটিকে দেখতে পান স্থানীয় জেলেরা।
খবর পেয়ে বন বিভাগ এবং কুয়াকাটা পৌরসভা সমন্বয়ে ডলফিনটি বালুচাপা দেওয়া হয়েছে। এটি সকালের জোয়ারে ভেসে এসেছে এমন ধারণা স্থানীয় জেলেদের।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০টি ডলফিনের মৃত্যু দেহ ভেসে আসে। তবে মৃত্যুর সঠিক কারণগুলো বের করতে পারেনি কেউ।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনের মৃতদেহ ভেসে আসা নতুন নয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এ ঘটনা বেশি ঘটে। উন্নত বিশ্বগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় আমাদের থেকে বেশি এগিয়ে। আসলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসলে ততদিন এই সমস্যার সমাধান হবে না।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।
আরটিভি/এমএ




