
লালমনিরহাটের হাতীবান্ধায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করার মতো ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী।
নিহতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৬)।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে অলি মিয়ার মা শরিফা বেগমের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক আঘাত করে। যা নিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় অলি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এমকে/এস




