
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেছেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে গণভোট করা যেতে পারে। যদি জনগণ ও রাজনৈতিক নেতারা মনে করেন এ পদ্ধতি জরুরি, তবে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে। আর যদি জনগণ মনে করে এর প্রয়োজন নেই, তবে সেটি বাতিল হওয়া উচিত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
আব্দুর রশিদ জিতু বলেন, আমরা সবসময় পরিবর্তনের রাজনীতি চাই। এমন রাজনীতি, যা জনমানুষের কথা বলবে, জনকল্যাণে কাজ করবে এবং সাম্য প্রতিষ্ঠিত করবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, পুঁজিবাদ ও পরিবারতন্ত্রের মাধ্যমে রাজনীতি অতীতে কিছু পরিবারের কাছে জিম্মি হয়ে ছিল।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই জিম্মিদশা থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে যে কেউ রাজনীতিতে সুযোগ পাক। কামারের ছেলে কিংবা কুমারের ছেলে—সবাই যেন সমানভাবে অংশ নিতে পারে। আমরা বিশ্বাস করি, দীর্ঘদিনের বঞ্চনার পর সুষ্ঠু গণতন্ত্র আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।
আরটিভি/এমকে




