
নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তিকে এয়ারগানের গুলিতে আহত করেছে তিন যুবক।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২) সকাল বেলায় রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন তাদের পাখি শিকার থেকে বিরত থাকতে বলেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করে আহত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, রিপনের পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে রয়েছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ দিকে স্থানীয়রা ঘটনার পরপরই তিন যুবককে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি মোটরসাইকেল ও এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে




