
বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সাবের আহমদ আসগরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী ও দুই কন্যা রেখে যান তিনি।
আগামীকাল বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর দামপাড়াস্থ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সাবের আহমদ আসগরী মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধে সন্দ্বীপ, সীতাকুন্ড, মীরসরাই থানার বিএলএফ জোনাল কমান্ডার এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য ছিলেন।
তিনি পেশাগতভাবে প্রায় পাঁচ দশক ধরে আলোচিত ইংরেজি সাপ্তাহিক হলিডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান ছিলেন। ৭০ সালে চট্টগ্রাম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাবের আহমদ আসগরী চট্টগ্রাম জাসদের অন্যতম প্রতিষ্ঠাতাও।
কিংবদন্তি ছাত্রনেতা হিসেবে ইতিহাস সৃষ্টিকারী এই বীর সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা মরহুম সাবের আহমদ আসগারীর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সালেহ নোমান অপর এক বিবৃতিতে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরটিভি/এফএ




