
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে তীব্র যানজটে ঘণ্টাখানেক আটকে থাকার পর অবশেষে মোটরসাইকেলে চড়ে গন্তব্যের পথে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড এলাকার উদ্দেশ্যে রওনা দেন।
তবে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছে তীব্র যানজটে আটকা পড়েন উপদেষ্টা। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও যানবাহন না নড়ায় তিনি শেষ পর্যন্ত মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন।
চশমা চোখে, মাথায় হেলমেট পরে উপদেষ্টাকে মোটরসাইকেলে উঠতে দেখে উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন। এ সময় পুলিশ সদস্যরা দ্রুত পথ পরিষ্কার করতে শুরু করেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সোহাগপুর এলাকায় এসে যানজটে আটকা পড়লে তিনি মোটরসাইকেলে করে যাত্রা অব্যাহত রাখেন।
উপদেষ্টার সফরকে কেন্দ্র করে সকাল থেকেই প্রশাসনের বিভিন্ন দপ্তর তৎপর ছিল। তার আগমন উপলক্ষে সড়কের খানাখন্দে ইট-বালু ফেলে সাময়িক সংস্কার কাজও চলছিল। তবে টানা বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরটিভি/এমকে




