চুরির অপবাদে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০২:৩০ পিএম


চুরির অপবাদে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ
চুরির অপবাদে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামে এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া ওই এলাকার আক্তার মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার একটি ভাঙারি দোকানে ফেরিওয়ালার কাজ করতেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিরনগরে যাওয়ার পথে মধ্যপাড়া এলাকায় একটি দোকানের সামনে শাহিনকে আটক করেন আরফত আলী, তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদ। পরে তাকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের বাবা আক্তার মিয়া অভিযোগ করে বলেন, দুই দিন আগে আরফত আলীর ভাতিজা এবং আসমত আলীর ছেলে মিলনের নাতির একটি রুপার চেইন হারিয়ে যায়। সেই ঘটনার জেরে চোর সন্দেহে আমার ছেলেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার সঠিক বিচার চাই।

বিজ্ঞাপন

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission