
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বিপন্ন প্রজাতির এক মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার সৈকতের দোকানগুলোর পেছনে প্রাণীটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের জোয়ারে ডলফিনটি ভেসে আসে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রনি আলি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরে পচন ধরে ফুলে গেছে এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট, গোল মাথা, ঠোঁটবিহীন মুখ ও ছোট বৃত্তাকার পাখনা রয়েছে—যা থেকে ধারণা করা হচ্ছে এটি বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিন হতে পারে।
এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রনি আলি বলেন, গুলিয়াখালি সৈকতে মৃত ডলফিনটির খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। এটি ঠিক কোন প্রজাতির তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পচন শুরু হওয়ায় দ্রুতই ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
আরটিভি/এমকে




