
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে আলেম সমাজকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, তিনি এক ফোনালাপে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের বেতন-ভাতাকে ‘ভিক্ষাবৃত্তি’ বলে উল্লেখ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাধবপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি জাকিউর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন-ভাতাকে ভিক্ষাবৃত্তি বলে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নিজের বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে আমরা মাধবপুর বিজয়নগর সুন্নি ওলামা ঐক্য পরিষদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সকল আলেম-ওলামাদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমি বোঝাতে যাই একটা, হয়ে যায় আরেকটা। সাংবাদিকরা তাদের কাজ ফেলে একজন শিক্ষা কর্মকর্তার পেছনে কেন লাগে, আমার বুঝে আসে না।
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
প্রসঙ্গত, সিরাজুল ইসলাম সম্প্রতি উপজেলা পরিষদ জামে মসজিদের ৫টি নারিকেল গাছের প্রায় অর্ধশত নারিকেল অনুমতি ছাড়া পেড়ে নিয়েছেন। এতে তীব্র সমালোচনা সৃষ্টি হলে কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি কর্মস্থল থেকে পালিয়ে যান এবং এরপর থেকে কারও ফোন ধরছেন না।
আরটিভি/আইএম




