
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া ডিএম কলেজের সামনে মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের পরিচালক ইমরান হোসেন এবং তার ভাই জাকির হোসেনের বিরুদ্ধে মাদরাসার একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
রোববার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান।
জানা যায়, মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলে ১২২ জন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়াও ১৯ জন নারী শিক্ষার্থী রয়েছেন। এদের বেশিরভাগ শিক্ষার্থী আবাসিকে থেকে পড়ালেখা করেন। শনিবার বিকালে ৩ শিক্ষার্থী মাদরাসার পরিচালক ও সহকারী পরিচালকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করলে মুহূর্তেই মাদরাসা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ৩ শিক্ষার্থী অভিযোগ করেন মাদরাসা ও পরিচালকের বাসা একই জায়গায় হওয়ায় বাসায় কেউ না থাকলে তাদের বাসায় নিয়ে একাধিকবার অনৈতিক কার্যকলাপে লিপ্ত করা হয়। যে কারণে এক শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে যান। পালানোর কারণ জানতে চাইলে বিষয়টি সামনে আসে এবং বিষয়টি তার পরিবারকে জানায়।

অভিযুক্ত পরিচালক ইমরান বলেন, বেশকিছুদিন ধরে মাদরাসা বন্ধ করার জন্য এক শিক্ষার্থী চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্ন ষড়যন্ত্র করছেন।
তার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে বলেন, হয়তো বাচ্চাদের সঙ্গে কিছু ভুলত্রুটি হতে পারে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, অনৈতিক কার্যকলাপের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল। সেখানে যৌথবাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাদের অভিভাবকদের কাছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেসব শিশুদের অভিভাবক এখনও আসেনি তাদের আমার কাছে নিয়ে এসেছি। অভিভাবক আসলে তাদের থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এমকে




