
কুমিল্লার দেবিদ্বারে একটি মসজিদের সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বশিরুল ইসলাম উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে কিছুদিন আগে বশিরুল ইসলাম সংযুক্ত আরব আমিরাতে যান। কিন্তু অসুস্থ হয়ে দুই মাস পর দেশে ফিরে আসেন তিনি। রোববার দুপুরে বাড়ির পাশের মসজিদের সিঁড়ির চালায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী মিতু আক্তার বলেন, সকাল ৮টার দিকে নাস্তা না করেই বাড়ি থেকে বের হয় বশির। এরপর আর বাড়ি ফিরে আসেনি। ফোনও বন্ধ পাই। পরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখি।
স্থানীয় যুবক তরিকুল ইসলাম টিপন জানান, মসজিদের মাইকে সমস্যা ছিল। ইমামের অনুরোধে দুপুর সোয়া ২টার দিকে ছাদে উঠে মাইক দেখতে যাই। তখন সিঁড়িতে বশিরুল ভাইয়ের ঝুলন্ত লাশ দেখি। সঙ্গে সঙ্গে ইমাম ও এলাকাবাসীকে জানাই।
মসজিদ কমিটির সভাপতি মো. বশিরুল ইসলাম বলেন, ইমামের ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।




