
নেত্রকোণায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবিরাজের নাম নূর মোহাম্মদ (৪৩)। তিনি কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী উপজেলার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। নূর মোহাম্মদ ওই ছাত্রীর বাবাকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। ছাত্রীর বাড়িতে আসা-যাওয়া থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
কয়েক মাস ধরে তিনি ওই ছাত্রীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ছাত্রী সাড়া দেননি। এর জের ধরে গত ৭ অক্টোবর রাতে নূর মোহাম্মদ ওই ছাত্রীকে মুখে কাপড় চেপে তুলে নিয়ে ধর্ষণ করেন এবং এ বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।
পরে রোববার (১২ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রী তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত নূর মোহাম্মদ পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম




