
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় সিক্ত খাতুন (২৬) নামে এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ও অন্য এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের বাহিরদিয়া জামরুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিক্ত খাতুন উপজেলার আট্টাকা গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। আহতরা হলেন- ভ্যানচালক শাহাদাৎ হোসেন (৫৫) এবং যাত্রী শাহেব আলী (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবাহিরদিয়া জোড়াকবর এলাকা থেকে ফকিরহাট বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ভ্যানটি। পথে বিপরীত দিক থেকে আসা রূপসাগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিক্ত খাতুন মারা যান।
আহত দুজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করেছে বাহিরদিয়া ক্যাম্প পুলিশ।
আরটিভিএস




