
নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল ভারতে নেই। তিনি রয়েছেন কানাডার ৭৩ হেয়ারউড এভিনিউ টরোন্টোর কথিত বেগমপাড়ায় তার নিজের বাসায়।
কানাডার পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স ও কানাডা হিউম্যান রাইটসের পরিচালক মমিনুল হক মিলনের ধারণ করা একটি ভিডিওচিত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ২৩ অক্টোবর দেশের গণমাধ্যমে ভারত থেকে এমপি শিমুল পরিচয়ে নাটোরের জেলারকে পরিবারসহ হত্যার হুমকির অভিযোগে নাটোর থানায় জিডি করার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।
সেই জিডি ও সংবাদে বলা হয়েছিল, শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ সরকারের সময়ের নাটোরের শীর্ষ সন্ত্রাসী মো. কোয়েলের জামিনের বিষয়ে পুলিশ বা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করতে জেলারকে নির্দেশনা দেন শিমুল। এ নির্দেশনা না মেনে জামিন হওয়া কোয়েলকে পুনরায় কুষ্টিয়া জেলগেট থেকে গ্রেপ্তার হলে ক্ষুব্ধ শিমুল জেলারকে এ হুমকি দেন।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল সেদিন বিকালেই নাটোর থানায় জিডি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান যুবলীগ নেতা রাশেদুল ইসলাম কোয়েল। ১১ অক্টোবর বিকেলে কোয়েলকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গ্রেপ্তার করেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা ও হত্যার অভিযোগে নাটোরে কোয়েলের নামে থাকা ১০টি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
আরটিভি/একে




