
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক আকতার হোসেন অবশেষে মারা গেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি বলেন, ১৯ দিন চিকিৎসার পর আকতার হোসেন শুক্রবার দুপুরে ঢাকার সিএমএইচে মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) হেলিকপ্টারযোগে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং জানাজা শেষে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
নায়েক আকতার হোসেন ৩৪ বিজিবির আওতাধীন রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।
এর আগে, ১২ অক্টোবর দুপুরে, দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি স্থানে মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন (১৩ অক্টোবর) রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
আরটিভি/এসকে




