
নারায়ণগঞ্জে দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে।
রোববার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক শাহজালালকে দোকান ছেড়ে দেওয়ার কথা জানান ভাড়াটিয়া হাসিনা বেগম। এ কারণে নিজের জামানতের ৭০ হাজার টাকা ফেরত চান তিনি। এরপর বাড়িওয়ালা জামানতের টাকা ফেরত দিতে দশ দিন সময় চাইলে গত ৩১ অক্টোবর দুপুরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।
এর মধ্যে রোববার (২ নভেম্বর) দুপুরে হাসিনা বেগমের ভাই আলমগীর ও মিঠু গলাচিপা এলাকা থেকে ১৫-২০ জন বহিরাগত নিয়ে এসে মাসদাইর বাজার এলাকায় শাহজালালের বাড়ির সামনে কয়েকটি চকলেট বোমার বিস্ফোরণ ঘটায় ও বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ফতুল্লা থানার এসআই কাজী ফেরদৌসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত চকোলেটবোমা উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম




