
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আব্দুল মান্নান মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক মাছ ‘লায়নফিশ’। কেউ একে ‘বাঘা মাছ’, আবার কেউ ‘রাওয়া মাছ’ নামে চেনে।
সোমবার (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের একটি আড়তে মাছটি আনা হয়। তখন রঙিন দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা ও আকর্ষণীয় মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।
বিশেষজ্ঞদের মতে, লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ পানিতে বসবাস করে। এটি একদিকে ভয়ংকর শিকারি, অন্যদিকে এর পাখনার কাঁটায় থাকা বিষের কারণে পরিচিত ‘রঙিন আতঙ্ক’ নামে। এটি ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে।
জেলে মান্নান মাঝি জানান, পরশু কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই সুন্দর রঙিন মাছটি ধরা পড়ে। দেখতে সুন্দর কিন্তু পরে জানতে পারেন মাছটি অনেক বিষাক্ত।
মুন্নি ফিশ ম্যানেজার হিরন জানান, তিনি প্রথমে এটিকে সাধারণ কোন মাছ মনে করেছিলেন । পরে দেখেন অদ্ভুত রঙের। আর পাখনাগুলো কাঁটার মতো। তখনই বিরল প্রজাতির বলে অনুমান করলেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, লায়নফিশের পাখনায় বিষ থাকে। অসতর্কভাবে স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই এ মাছ ধরতে গেলে অধিক সতর্ক থাকতে হবে।
আরটিভি/এফএ




