
এবারও দাখিল (এসএসসি) পরীক্ষায় কমলপুর হযরত শাহজালাল দাখিল মাদরাসা হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেরা ফলাফল করেছে। মাদরাসাটির এবারের পাসের হার ৮৪.৬২ শতাংশ যা উপজেলায় সর্বোচ্চ।
তাই পাস করা সকল শিক্ষার্থীকে নিয়ে কক্সবাজার ও আশপাশের এলাকায় শিক্ষা ভ্রমণ করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
এবার সেই মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন দুইজন শিক্ষার্থী। আর বেশ কয়েকজন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫ এর খুব কাছাকাছি ফলাফল।

মাদরাসাটি গত দুই বছর ধরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বিমান ভ্রমণের আয়োজন করে আসছিল। কিন্তু এবার জিপিএ-৫ পাওয়া ২ শিক্ষার্থী বিমান ভ্রমণে ভীত থাকায় মাদরাসা কর্তৃপক্ষ উদ্যোগ নেয় পাস করা সকল শিক্ষার্থীকে নিয়ে কক্সবাজার ও আশপাশের এলাকায় শিক্ষা ভ্রমণ।
মাদরাসার ব্যবস্থাপনা ও নিজস্ব অর্থায়নে এই আনন্দ ভ্রমণে অংশ নেয় ২০ জন উত্তীর্ণ শিক্ষার্থী। সাগরের নীল জলরাশির আশেপাশে ঘুরে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। অভিভাবকরাও সন্তানের এমন পুরস্কার ও আনন্দ ভ্রমণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বঙ্গোপসাগর পাড়ে তাদের ভ্রমণ স্মৃতির পাতায় নতুন এক অধ্যায় বলে অনুভূতি প্রকাশ করেছেন তারা। গত ৫ থেতে ৭ নভেম্বর তারা আনন্দ ভ্রমণ শেষে এলাকায় ফিরেন তারা।

মাদরাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে আমরা সবসময় ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে থাকি। এবার সকল পাস করা শিক্ষার্থীকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এটি তাদের কঠোর পরিশ্রমের পুরস্কার।
মাদরাসার এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক বলেন, এটি একটি অনুকরণীয় উদ্যোগ। মাদরাসা কর্তৃপক্ষ যেভাবে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করছে, তা অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও প্রেরণার।

উল্লেখ্য, ২০২৩ সালে ১০০% জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন। ২০২৪ সালে ৯৪%। জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন। এবার ২০২৫ সালে প্রায় ৮৫% পাস জিপিএ-৫ প্রাপ্ত ২জন যা উপজেলায় স্কুল ও মাদরাসা মিলিয়ে উপজেলায় কমলপুর হযরত শাহজালাল দাখিল মাদরাসার সেরা রেজাল্ট।
আরটিভি/এমএ




