
বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।
শনিবার (৮ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। না হলে বর্তমানে কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। সবাইকে ভালোভাবে পড়াশোনা করে নিজ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, সামনে আমাদের একটা বড় সুযোগ আসতে পারে। সেই সুযোগটা ক্ষমতায় যাওয়ার। সেই আশার জায়গাটা যেন আমরা নষ্ট না করি। তবে আমরা ক্ষমতায় যাবো এটা নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আমাদের আশা তো রাখতেই হবে। সেই জন্য আপনাদের দায়িত্বশীল ও শিষ্টাচার আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থি কিছু করা যাবে না। এই জায়গাটাতে আমাদের ঠিক থাকতে হবে। শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে কারো ছাড় নেই। এমনকি আমাকেও ছাড় দেওয়া হবে না। সবারই রুজি দরকার, এর মানে এই নয়- আমরা যা খুশি তা করব। হালালভাবে ন্যায্যতার ভিত্তিতে যেটুকু করা যায় সেটুকু করবেন। আমার যতটুকু সহায়তা করা সম্ভব তার সবটুকুই আমি আপনাদের জন্য করব।
বাবর বলেন, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ কিছু দল আগামী নির্বাচন বানচালের চক্রান্ত শুরু করছে, কিন্তু তারা কিছুতেই সফল হতে পারবে না, ইনশাআল্লাহ। আপনারা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরটিভি/এফএ




