
কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলে তৈয়বের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সড়কেই প্রাণ হারালেন পিতা-মাতা। একটি ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ির ইউটার্নে এই দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের মহেশ্বর গ্রামের আবুল বাশার ও তার স্ত্রী ফাতেমা বেগম মোরশেদা এবং চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার কালা মিয়ার ছেলে মমতাজ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল বাশার ও তার স্ত্রী তাদের ছেলে তৈয়বের জন্য ফেলনা গ্রামে পাত্রী দেখতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান।
গুরুতর আহতদের মধ্যে আব্দুর রহমান, আনোয়ারা বেগম ও কবির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরটিভি/কেএইচ




