
ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে ইঁদুর দমনের বৈদ্যুতিক ফাঁদে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওমরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জনতা বাজার ও মুখার বান্দা বাজারের মধ্যবর্তী তেলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়েদ ইসলাম (১৬) ওমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. রিয়াজের ছেলে এবং আলীগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ছাড়া মো. জিহান (১৫) ওমপরপুর ৪নং ওয়ার্ডের মো. ফরিদ উদ্দিনের ছেলে এবং চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়েদ ও জিহান জনতা বাজার আরিফ মাস্টার নামে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় তারা প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুষ্টুমির ছলে দৌড় দেয়। এসময় জাহাঙ্গীর নামের এক কৃষকের ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/আরএ




