ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেলপথে নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আখাউড়া রেলস্টেশনে দেখা গেছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
এ সময় আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম এবং আখাউড়া আরএনবির ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেল সেকশনের ভাতশালা স্টেশনের দুবলা এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপ, কাঠ ও পেট্রোল ঢেলে আগুন দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় পুলিশ। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে নাশকতার চেষ্টা করেছিল। তবে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। এখন পুরো রেলপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আখাউড়া আরএনবির ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্টেশন ও রেললাইন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরএনবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে আছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।
আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুর নবী বলেন, রাতে আগুন দেওয়ার ঘটনায় সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরটিভি/এএএ




