
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জামাল আল নাসেরও টোটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট চারটি মামলার আসামি টোটন জোয়ার্দ্দার।
প্রসঙ্গত, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর তিনি ছিলেন চুয়াডাঙ্গার অন্যতম প্রভাবশালী নেতা।
আরটিভি/আইএম




