
নাটোরের হয়বতপুরে থেমে থাকা একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মহসড়কের পাশে একটি ট্রাক থেমে ছিল। এ সময় বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক এসে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় ট্রাকটি ও ভেতরে আটকা পড়ে চালক ও হেলপার। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনে কেটে ভেতর থেকে চালকের হেলপারকে মৃত অবস্থায় ও চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, বর্তমানে মরদেহটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তবে নিহত ও আহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরটিভি/এস




