শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের মামার বাড়ি থেকে আব্দুল হামিদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আব্দুল হামিদ নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে বসবাস করতেন তিনি।
পুলিশ ও পারাবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদের বাবা মারা যাওয়ার পরে তার মা অন্যত্র বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। এরপর হামিদ নানার বাড়িতেই থাকতেন। পরবর্তীতে কর্মের তাগিদে নরসিংদীতে গিয়ে সেখানেই কাজ করতেন। প্রায় এক মাস আগে নালিতাবাড়ীর সিধুলী গ্রামে মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে আসেন এবং সেখানেই অবস্থান করছিলেন।
মঙ্গলবার সকালে বাড়ির লোকজন আব্দুল হামিদকে ঘরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




