
গাজীপুরের শ্রীপুরের ভূমিকম্পের সময় আতঙ্কে বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে তিন শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কেওয়া পূর্বখণ্ড গারোপাড়া ও গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকদের মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ১৩০ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আরও ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল (নিটোর) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা সিভিল সার্জন মামুনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কারখানার শ্রমিকেরা জানান, ভূমিকম্পের সময় সাত তলা ভবনের ওই কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানা কর্তৃপক্ষ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মরত শ্রমিকরা ফ্লোর থেকে নামার সময় পদদলিত হয়ে ও ভয়ে অনেক শ্রমিক আহত হন।
ডেনিমেক কারখানার অনেক শ্রমিক জানান, হাসপাতালে তারা শয্যা স্বল্পতার কারণে তাদের আহত শ্রমিক ও স্বজনদের অন্যান্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। অনেক স্বেচ্ছাসেবীরা আহত শ্রমিকদের যানবাহনসহ বিভিন্নভাবে সহযোগিতা করতে দেখা গেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়িদা আফরোজ ইমা জানান, এ পর্যন্ত ৭০-৮০ জন শ্রমিক হাসপাতালে রেজিস্ট্রার হয়েছে। তবে হাসপাতালে বেড স্বল্পতার কারণে আহতদের স্বজনরা তাদের এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এ ছাড়া টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শতাধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহিন জানান, একটি পোশাক কারখানায় তাড়াহুড়া করে এখান থেকে বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন। একটি ভবন হেলে পড়েছে বলে শুনেছি। ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়েছে।
আরিটিভি/এমএ




