নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে নবান্ন উৎসব উপলক্ষে এবছরও উৎসবের ভিন্নধর্মী একটি চিত্র দৃশ্যমান হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিঃসন্তান অসংখ্য নারী সন্তান লাভের আশায় শতবর্ষী বটগাছের নিচে এসে ভেজা আঁচল পেতে প্রার্থনায় মনোনিবেশ করেন।
শনিবার সকাল থেকে শুরু হওয়া উৎসব চলাকালে আশ্রম প্রাঙ্গণে নারী-পুরুষের ভিড় লক্ষণীয়। সদ্যস্নান শেষে ভেজা কাপড়ে থাকা নারীরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে অপেক্ষা করছিলেন বটগাছ থেকে কোনো ফল বা পাতা পড়ার জন্য। তাদের বিশ্বাস, গাছ থেকে তাদের আঁচলে কোনো ফল বা পাতা পড়লে তা সন্তান লাভের প্রতীক হবে।
গোঁসাইজীর এক ভক্ত নারী জানান, লোকমুখে শুনেছি, এভাবে মানত করলে সন্তানের আশা পূরণ হয়। তাই আমি এসেছি, যেন আমার কোলে সন্তান আসে।
বগুড়া থেকে আসা আরেক নারী বলেন, সাত বছর ধরে সন্তান হয়নি। বহু চিকিৎসার পরও সফল হইনি। পরিচিত একজন এখানে এসে সন্তান পেয়েছেন, সেই বিশ্বাসে আমি এসেছি।
আশ্রম কমিটির সদস্য সঞ্জয় কুমার বলেন, প্রতি বছর নবান্ন উৎসবের সময় নিঃসন্তান নারীরা এই মানত করতে আসেন। এরপর আমরা তাদের কলাপাতায় খিচুড়ি প্রসাদ বিতরণ করি।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনজুর রহমান বলেন, এ ধরনের প্রথায় সন্তান লাভের কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাশাস্ত্র ভিত্তি নেই। চিকিৎসাবিজ্ঞানে এটি সমর্থনযোগ্য নয়।
আরটিভি/এসকে




