২০২৪ সালের গণঅভ্যুত্থানে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ পরিবারের সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়ে দলটিতে যোগদান করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা পরিষদ ডাক-বাংলো কনফারেন্স হলে শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের সদস্যরা হলেন— চব্বিশের জুলাইয়ে ঢাকার মহাখালীতে পুলিশের গুলিতে নিহত ঘোষগাঁও ইউনিয়নের জরীপাপাড়া নিবাসী শহীদ শাহজাহানের মা সাজেদা বেগম, ৫ আগস্ট ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত শহীদ সোহেল মিয়ার বাবা আবদুল হাকিম, ঢাকার আজমপুরে পুলিশের গুলিতে শহীদ মাজেদুল ইসলামের বাবা আবদুল মান্নান, ভাই জালাল উদ্দিন এবং ঢাকার সাভারে পুলিশের গুলিতে শহীদ মওলানা সাদেকুর রহমানের ভাই হাফেজ মওলানা সাদ্দম হোসেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতারা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় এমরান সালেহ প্রিন্স শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, বিএনপিতে তাদের যোগদান গণতান্ত্রিক অভিযাত্রার জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক।
তিনি বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এবং বিএনপির পক্ষেই এ চেতনা বাস্তবায়ন সম্ভব। সেজন্যই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বিএনপির পক্ষে অবস্থান ঘোষণা করছেন।
প্রিন্স আরও বলেন, সারা দেশে পরিবর্তনের যে ঢেউ সৃষ্টি হয়েছে, তা কোনো শক্তিই থামাতে পারবে না। বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে আইনের শাসন থাকবে, ভোটাধিকার সুরক্ষিত ও কথা বলার স্বাধীনতা থাকবে এবং গণতন্ত্রের জন্য আর কাউকে রক্ত দিতে হবে না।
এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, যুবদল নেতা ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব শামীম হোসেন উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম




