
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং উন্নয়নের রাজনীতি করে। দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে। সে কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) যশোর টাউন হল ময়দানে জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আগামী দিনে রাজনীতিকে আরও জনবান্ধব করতে চান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, যে রাজনীতির সূচনা করেছিলেন তার বাবা শহীদ জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া। তারেক রহমান বলেছেন, ঢাকা শহরের অট্টালিকায় থেকে রাজনীতি করা যাবে না, জনগণের পাশে যেতে হবে। রাষ্ট্রীয় দুর্নীতি বন্ধ এবং জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব নেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকদের মর্যাদা এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। শ্রমিকদের সুবিধার্থে দেশের কলকারখানাগুলোতে তিন শিফটে কাজ চালু করেছিলেন। বিদেশে কর্মরত শ্রমিকদের অর্জিত অর্থ দেশের বৈদেশিক আয়ের প্রধান খাত। সেই বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রের টাকায় বিদেশি বাড়ি বানিয়েছেন। আগামী দিনে সেই সুযোগ আরও কেউ পাবে না।
জাতীয়তাবাদী শ্রমিক দলের এই প্রধান সমন্বয়ক বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অসামান্য ভূমিকা রয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবেও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে।
তিনি বলেন, সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণির মর্যাদা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দিয়েছেন, আগামী দিনেও তারেক রহমান দেবেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সব বন্ধ কলকারখানা চালু করার ঘোষণা দিয়েছেন। প্রতিটি পরিবারের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করার ঘোষণা দিয়েছেন। যে কার্ডের অর্থ দিয়ে তারা সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবে।
শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এই বিশেষ সহকারী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে ধানের শীষে প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করতে হবে।
এ সময় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি ফারাজি মতিয়ার রহমান, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবুর রহমান, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, শ্রমিক দল নেতা শহীদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আরটিভি/আইএম




