উত্তরের হিমেল বাতাসের কারণে দিনাজপুরের হিলিতে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিন ধরেই এই এলাকার তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করছে। এতে জনজীবনে নেমে এসছে স্থবিরতা।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে নেমে আসায় শীত জেঁকে বসেছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
বিভিন্ন পরিবহন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। মহাসড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় ধীর গতিতে চলছে গাড়ি।
এদিকে হিমালয় সংলগ্ন জেলা হওয়াতে এই অঞ্চলে উত্তরের হিমেল বাতাসের দাপট বেশি অনুভূত হচ্ছে। বাতাসের উচ্চ আর্দ্রতা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। আজ সকাল ৬টায় এই জেলাতে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঘন কুয়াশা আর শীতের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বিশেষ করে দিনমজুর এবং নিম্ন আয়ের লোকজন তীব্র শীতের কারণে অনেকেই সময় মতো কাজে যেতে পারছেন না।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে করে শীত অনুভূত হবে। আজ সকাল ৬টায় এই জেলাতে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
আরটিভি/এমএ



