
মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. নয়ন (২৭) নামে এক ব্যাংকা কর্মকর্তা।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে।
তিনি পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় রবিন (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। আহত রবিনকে পটিয়া বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জানা গেছে, নিহত নয়ন ইসলামী ব্যাংকে চাকরি করতেন। নয়ন তার বন্ধুকে নিয়ে মাইজভান্ডার দরবার শরীফে জিয়ারত করতে যান। জিয়ারত শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। দ্রুতগতির এ মোটরসাইকেলটি পটিয়ার ফকিরা মসজিদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। এ সময় তার বন্ধু গুরুতর আহত হয়।
আশিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার ফয়েজ আহমদ জানান, মাইজভান্ডার দরবার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংকার নয়ন মারা গেছেন। তার মরদেহ মেডিকেল থেকে বাড়িতে আনা হয়েছে। আহত অন্যজন মেডিকেলে ভর্তি আছেন।
আরটিভি/এমএ




