
২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পাবনার ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শেখ মঈনুদ্দিন বলেন, বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসনের মধ্য দিয়ে মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।
এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহণের উদ্দেশ্যে নির্মিত অপব্যবহৃত রেলস্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তিনি।
সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মঈনুদ্দিন বলেন, দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার।
পাশাপাশি আরিচা খাসচর ফেরী সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রশস্তকরণ, কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। একইসাথে ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
আরটিভি/এফএ




