
লক্ষ্মীপুরে গরুর চর্বি দিয়ে মুরগি-মাছ রান্না সহ পচা-বাসি খাবার বিক্রির দায়ে একটি হোটেলে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। একই সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসি মালিককেও জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে জেলা ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে পৌর শহরের সদর হাসপাতালের সামনে বিসমিল্লাহ হোটেল ও একতা ফার্মেসি নামক দুইটি প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করে।
জানা যায়, শহরের সদর হাসপাতালের সামনে বিসমিল্লাহ্ হোটেলে গরুর জমানো চর্বির তেল দিয়ে মাছ, মুরগির মাংসসহ বিভিন্ন রান্নায় ব্যবহার করা হতো। এছাড়াও হোটেল থেকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি সহ ফ্রিজ থেকে বাসি মাছ, মাংস জব্দ করা হয়। এ সময় হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। অপরদিকে হাসপাতালের সামনে একতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমুধু চক্রবর্তী জানান, সদর হাসপাতালের সামনে হওয়ায় অনেক মানুষ খাবার খেতে আসেন এ হোটেলে। যারা খাবার খেতে যান, তারা বিশ্বাস করে যান। কিন্তু হোটেলটির পরিবেশ নোংরা, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা হয়েছিল। তাছাড়া গরুর চর্বির জমানো তেল দিয়ে রান্না করা হয় মুরগির মাংস, মাছসহ বিভিন্ন তরকারি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একতা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক নুর হোসেনসহ শহর পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম।
আরটিভি/এএএ




