
নির্বাচন হওয়া নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। আপনারা নির্বাচন প্রসঙ্গে আপোষহীন থাকবেন। কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই নেত্রী, যাকে সারাবিশ্বের মানুষ আপোষহীন নেত্রী হিসেবে মনে করে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
ঢাকার ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শ্রমিক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আপনারা দেখছেন একজন মুমূর্ষু মায়ের কাছে তার সন্তান আসতে পারছেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও ষড়যন্ত্র এখনও হচ্ছে।
তিনি আরও বলেন, একটি দল ধর্মের নামে ব্যবসা করছে, মা বোনদের বিভ্রান্ত করতে চাইছে। তারা চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দি থাকে। যেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী অন্ধকারে থাকে এবং নারীদের প্রগতি, অগ্রগতি না হয়।
ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আরটিভি/এএএ




