
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘিওর বাজারসংলগ্ন কুস্তা এলাকায় ইছামতি নদীতে সারবোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে বিপুল পরিমাণ সার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন এবং ঘিওর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নারায়ণগঞ্জ থেকে ৪২৮ বস্তা ডিএপি ও ৯৯ বস্তা টিএসপি সারবোঝাই করে একটি ট্রাক ঘিওর উপজেলা সদরে ঘিওর বাজারে যাচ্ছিল। তবে চালক প্রধান সড়ক ব্যবহার না করে ভুল করে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দিয়ে বাজারে প্রবেশ করতে গিয়ে সকাল আটটার দিকে রাস্তা ধসে ট্রাকটি নদীতে পড়ে যায়।
স্থানীয় লোকজন জানান, উপজেলা সদরে কুস্তা এলাকায় গরুহাট সংলগ্ন ওই রাস্তাটি দীর্ঘ দিন ধরেই ঝুঁকিপূর্ণ। নদীভাঙনে সড়কের কিছু অংশ বিলীন হয়ে গেছে। এ রাস্তায় সাধারণত বড় গাড়ি চলাচল করে না। সকালে হঠাৎ সার বোঝাই ট্রাকটি ওই রাস্তায় ঢুকতে গিয়েই উল্টে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, আমদানি করা ৪২৮ বস্তা ডিএপি সার উপজেলার বরটিয়া ইউনিয়নে ডিলারদের কাছে নেওয়া হচ্ছিল। এ ছাড়া পাশের শিবালয় উপজেলায় ডিলারদের জন্য আরও বেশকিছু সার নেওয়া হচ্ছিল। কিন্তু পথে সারবোঝাই ট্রাকটি উল্টে নদীর তীরে পড়ে যায়। তবে ইতিমধ্যে ২০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশকিছু বস্তা সার নষ্ট হয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত সারের পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, পাঁচ শতাধিক বস্তা সার ছিল। ঘিওর উপজেলা ছাড়াও পাশের অপর একটি উপজেলায় ডিলার কাছে এসব সার সরবরাহ করার কথা ছিল। কিন্তু সারসহ ট্রাক নদী উল্টে গিয়ে অনেক সার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।'
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) 'মীর মাহাবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সার ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নষ্ট হয়ে যাওয়া সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
আরটিভি/এএএ




