
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চগড়ে সীমান্ত এলাকাগুলোতে টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন ও আজ রোববার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
এতে বলা হয়, কোনো দুষ্কৃতকারী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে এবং অন্য দেশ থেকে কোনো দুষ্কৃতকারী অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য জেলার প্রায় ২৮৮ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
জেলার বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে যাতায়াত করা ব্যক্তিদের তল্লাশি, ডগস্কোয়াড মোতায়েন, সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গাড়ি তল্লাশি করা হচ্ছে।
আরটিভি/এফএ




