
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারি চালিত রিকশাভ্যানের এক শিশুসহ দুইজন যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৬০), যিনি ঘটনাস্থলেই মারা যান। অপর নিহত শিশু হলো, শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আবু সাঈদ (৬)।
আহতরা হলেন— ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৬০) এবং একই গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৫৫)।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ব্যাটারী চালিত রিকশাভ্যানে ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে আসছিলো বেশ কয়েকজন যাত্রী। সন্ধ্যা ৭টায় রিকশাভ্যানটি কবিরাজহাট বাজারের কাছে আসলে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত সুলতানা বেগম এবং শিশু মো. আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, তাদের অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (ডিমেক) প্রেরণ করা হয়। পথেই শিশু আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/একে




