
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় যাত্রীবেশে গাঁজা পাচারের সময় মা-মেয়েসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা রীনা আক্তার (৪৩), তার মেয়ে আছমা আক্তার (২৩), একই উপজেলার নয়াদিল এলাকার আবদুল হান্নান (৪৫) ও কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জরিনা বেগম (৪০)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনাকালে ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩ নারীর বিরুদ্ধে আগের মামলাও রয়েছে।
আরটিভি/আইএম




