
নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাতের বেলা ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক মাদক কারবারির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) িউপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পিছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো.জামাল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজের বসত ঘর থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে তার ঝুলন্ত মরদেহ পায় স্থানীয়রা। নিহত যুবক এলাকায় মাদক কারবারের সাথে জড়িত। কিছু দিন আগে তিনি মাদক কারবার ছেড়ে ভালো পথে আসেন।
নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে বলেন, তাকে অন্য কোথাও পিটিয়ে হত্যা করার পর নারীদের ব্যবহৃত ম্যাক্সি ও ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/আরএ




