
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তৈরি হওয়া ভেজাল লাক্স সাবান, ম্যাংগো জুস ও সয়াবিন তেলের একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ওই গুদাম থেকে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের ভেজাল লাক্স সাবান, ম্যাংগো জুস ও সয়াবিন তেল জব্দ করা হয়
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই গুদাম থেকে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের ভেজাল লাক্স সাবান, ম্যাংগো জুস ও সয়াবিন তেল জব্দ করা হয় এবং জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানকালে ওই গুদামে কাউকে পাওয়া যায়নি।
এ ছাড়াও একই সময় ওই এলাকার শাহ জালাল মোয়া ও মো. আব্দুল্লাহ মোয়া নামে দুটি গুড় মুড়ির মোয়া তৈরির গুদামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এলাকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় শাহ জালাল মোয়াকে ৪০ হাজার টাকা এবং মো. আব্দুল্লাহ মোয়াকে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ গুদামগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।
আরটিভি/এমএ




